Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে ভারতে জ্বালানি সংকটের আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ এএম

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে ভারতে জ্বালানি সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালি অতিক্রমের পর মুম্বাই উপকূলে একটি আনলোডিং টার্মিনালে নোঙর করেছে ভারতীয় পতাকাবাহী একটি এলপিজি ট্যাংকার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়েছে। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে প্রায় অচল অবস্থায় রয়েছে।

যদিও ইরান নিজস্ব জাহাজ চলাচল চালু রেখেছে এবং কিছু বিদেশি জাহাজকে সীমিতভাবে অনুমতি দিচ্ছে, তবে যুদ্ধ শেষে টোল ব্যবস্থা চালুর কথাও বিবেচনা করছে দেশটি। গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের নৌ-চলাচলের ওপর অবরোধ আরোপ করবে। এর জবাবে ইরান পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বন্দরগুলো নিয়ে হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের নতুন অবরোধের হুমকি ভারতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ১৪০ কোটি জনসংখ্যার এই দেশটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সরবরাহ ব্যবস্থায় সামান্য বিঘ্নও ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে স্থবির করে দিতে পারে।

ইরান কর্তৃক হরমুজ প্রণালি অবরুদ্ধের পর ভারত ছিল সেই অল্প কয়েকটি দেশের মধ্যে একটি, যাদের বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পতাকাবাহী একটি এলপিজি জাহাজ সম্প্রতি নিরাপদে এই প্রণালী অতিক্রম করেছে। এ নিয়ে মোট ৯টি জাহাজ পারাপার করতে সক্ষম হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হলে ভারতের জন্য এই সুযোগও বন্ধ হয়ে যেতে পারে।

গ্যাসের মজুত কমে আসায় নয়াদিল্লি বাণিজ্যিক খাতের পরিবর্তে সাধারণ পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে বাধ্য হয়েছে। এর ফলে অনেক রেস্তোরাঁ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং প্রাকৃতিক গ্যাসনির্ভর শিল্পে মুনাফা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বেড়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রা চরম সংকটে পড়েছে।

মুম্বাই ও দিল্লির মতো বড় শহরে অনেক অভিবাসী শ্রমিক গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন, কারণ খাবার ও রান্নার গ্যাসের খরচ মেটানো তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। ভারত জানিয়েছে, তারা এই প্রণালি দিয়ে যাতায়াতের জন্য কোনো অর্থ প্রদান করেনি। তবে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি নয়াদিল্লি ও তেহরানের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

বর্তমানে পারস্য উপসাগরে ভারতের এক ডজনেরও বেশি জাহাজ আটকে আছে। যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হলে এই জাহাজগুলো মাঝসমুদ্রে আটকা পড়তে পারে, যা ভারতকে আরও গভীরভাবে এই ভূ-রাজনৈতিক সংঘাতে জড়িয়ে ফেলবে।

সূত্র: সিএনএন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন