ট্রাম্পের অনুরোধে লেবাননে হামলা কমাতে রাজি ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার অনুরোধে লেবাননে হামলা কমাতে সম্মত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং ইসরাইল তাদের সামরিক অভিযান কিছুটা কমিয়ে আনবে বলে আশ্বাস দিয়েছেন।
ট্রাম্প বলেন, “আমি বিবির (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি, তিনি এটাকে কিছুটা কমিয়ে আনবেন। আমার মনে হয় আমাদের একটু লো-কি থাকা উচিত।”
এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে যুদ্ধবিরতির পরও ইসরাইল লেবাননে হামলা জোরদার করে। বুধবার হিজবুল্লাহর বিরুদ্ধে অন্যতম বড় হামলা চালায় দেশটি।
লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, ইসরাইলের এই হামলা দক্ষিণ লেবাননে পুনরায় দখলদারিত্বের আশঙ্কা তৈরি করেছে, যা লিতানি নদী পর্যন্ত বিস্তৃত হতে পারে।
আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল বৈঠকে বসবে, যেখানে সংঘাতের স্থায়ী সমাধান খোঁজা হবে। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, “চুক্তি না হলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠবে।”



