যুদ্ধ চললেও ইরানের খার্গ দ্বীপ থেকে বেড়েছে তেল রপ্তানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তেহরান থেকে এএফপি জানায়, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদির বরাতে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দ্বীপ থেকে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে।
ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধ বন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী পুনরায় চালু না করা হলে তিনি দ্বীপটি ধ্বংস করে দেবেন।
গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে তেল অবকাঠামোতে আঘাত করেনি। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করতে পারে, বিশেষ করে কোনো দ্বীপকে লক্ষ্য করে।
এই সতর্কতার মধ্যেই গত সপ্তাহে প্রায় ৩ হাজার ৫০০ মেরিন ও নাবিক বহনকারী উভচর হামলা জাহাজ ‘ইউএসএস ট্রিপোলি’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।



