সৌদি আরবকে মার্কিন সেনা সরানোর আহ্বান ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম
ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবকে উদ্দেশ করে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এখনই সময়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সৌদি আরবকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের অভিযানগুলো পরিচালিত হচ্ছে কেবল শত্রু ও আগ্রাসনকারীদের বিরুদ্ধে। পোস্টে তিনি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানের ছবিও প্রকাশ করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরানে চলমান যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন এ অভিযান সীমিত সময়ের মধ্যে শেষ হতে পারে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে ট্রাম্প ইরানে স্থল সেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি।
ক্যারোলিন লেভিটের ভাষায়, “কূটনীতি এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ।”
সূত্র: বিবিসি



