Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম ও শেয়ার বাজারে অস্থিরতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:৩৮ এএম

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম ও শেয়ার বাজারে অস্থিরতা

ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও।

সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ। বিশ্লেষকরা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়া এবং ইরানে মার্কিন স্থল অভিযানের আশঙ্কার খবরই এই সংকটের মূল কারণ।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যে কোনো মার্কিন স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত। অন্যদিকে, ইরান-সমর্থিত হুথিদের ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননে ইসরাইলি অভিযান সম্প্রসারণে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ হয়। বর্তমানে এই পথ কার্যত অচল হয়ে পড়ায় যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নৌ-চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরান সমুদ্রপথের নিয়ন্ত্রণ না সরালে দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তির সম্ভাবনার কথা বলা হলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে।

ওনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী গ্রেগ নিউম্যান জানিয়েছেন, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে তেলের প্রকৃত সংকট আরও প্রকট হবে এবং দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়াতে পারে। বর্তমানে যেখানে স্বাভাবিক সময়ে দৈনিক ১২০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত, সেখানে এখন হাতেগোনা কয়েকটি জাহাজ যাতায়াত করছে।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন