হিজবুল্লাহর হামলায় লেবাননে ইসরাইলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:১১ এএম
ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন সেনা আহত হয়েছেন বলে রোববার (২৯ মার্চ) ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।
নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ। ২২ বছর বয়সী এ সেনা ইসরাইলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তার স্থায়ী ঠিকানা যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেন। আহত তিন সেনার অবস্থা মাঝারি এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর হিজবুল্লাহ যুদ্ধে যোগ দেয়। এরপর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে তারা। পাশাপাশি ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রকেট হামলাও অব্যাহত রেখেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, যতদিন ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাবে ততদিন তারা তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল



