ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি বলেছেন, ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার রিপাবলিকানদের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ। আমি এটা চাই না।”
একই অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চলছে। তার ভাষ্য অনুযায়ী, “আমরা মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে এতটা জিতেছি যা আগে কেউ দেখেনি। তারা চুক্তি করতে মরিয়া, কিন্তু প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে।”
তবে তেহরান এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আপনার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি নিজেই নিজের সঙ্গে আলোচনা করছেন? আমাদের মতো মানুষ আপনাদের সঙ্গে কোনো চুক্তি করবে না।”
এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তেহরানে একটি ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, হিজবুল্লাহসহ প্রক্সি গোষ্ঠীর সমর্থন বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরান মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের পাঁচ দফা পাল্টা প্রস্তাব দিয়েছে। এতে স্পষ্ট করা হয়েছে, যুদ্ধ শেষ হবে ইরানের শর্তে।



