ইরানে সামরিক অভিযান অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৩২ এএম
ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া এবং দেশটিতে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে একাধিকবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সালমান। এসব আলোচনায় তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।
সৌদি যুবরাজের আশঙ্কা, ইরানের সরকার ক্ষমতায় থাকলে অঞ্চল দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা নৌপথে হুমকি অব্যাহত রাখতে পারে বলে তিনি মনে করেন।
প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান কঠোর। তিনি চান মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করে দিক।
নিউইয়র্ক টাইমস সূত্রমতে, ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং সরকারের পতন ঘটাতে যুবরাজ সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষে মত দিয়েছেন।



