কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৮০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২১ আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৩ মার্চ) আমাজনীয় প্রদেশ পুতুমায়োর পুয়ের্তো লেগুইজামো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশই ছিলেন সৈন্য।
প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ একে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ উল্লেখ করে জানিয়েছেন, ঘটনাস্থলটি পেরু ও ইকুয়েডর সীমান্তের কাছে অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠছে এবং সৈন্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন।
কলম্বিয়ার বিমানবাহিনী জানিয়েছে, হারকিউলিস সি-১৩০ বিমানটিতে ১১০ সৈন্য ও ১১ জন ক্রুসহ মোট ১২১ আরোহী ছিলেন। উদ্ধার অভিযানে আহত ৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের রাজধানী বোগোটা ও অন্যান্য স্থানের হাসপাতালে নেওয়ার জন্য বিশেষ বিমান পাঠানো হয়েছে।
বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা বলেন, বিমানটি উড্ডয়নের পর সমস্যা দেখা দেয় এবং বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।
প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ ঘটনায় সামরিক বাহিনীর বিমান ও সরঞ্জাম আধুনিকীকরণের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে এবং এর জন্য কিছু কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, যারা এই চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নন, তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী সানচেজ লিখেছেন, এই দুর্ঘটনা দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রার্থনা হয়তো এই শোক কিছুটা লাঘব করতে সাহায্য করবে।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া, এনডিটিভি



