Logo
Logo
×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় তেল-গ্যাস স্থাপনায় ইরানের হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৪২ পিএম

মধ্যপ্রাচ্যের ছয় তেল-গ্যাস স্থাপনায় ইরানের হামলা

সাউথ পারস গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে একাধিক উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ২০তম দিনে একযোগে অন্তত ছয়টি জ্বালানি-সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

এর মধ্যে কাতারে অবস্থিত বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সময় ভোরে কাতার জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান গ্যাসকেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আঘাত হেনেছে। এর ফলে সেখানে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

এদিকে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, কুয়েত সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে অবস্থিত মিনা আল-আহমাদি শোধনাগারের একটি ইউনিটে ড্রোন আঘাত হানার পর আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ শোধনাগারেও ড্রোন হামলা হয়েছে। সেখানেও ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে হাবশান গ্যাস স্থাপনা ও বাব তেলক্ষেত্রে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনও ধারণা দেয়া হয়নি।

ইরানের নিশানায় পড়েছে সৌদি আরামকোর তেল শোধনাগারও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়ানবু বন্দরে সৌদি আরামকোর সামরেফ শোধনাগারে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: আল জাজিরা


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন