ইরানের গোয়েন্দামন্ত্রীকেও হত্যার দাবি ইসরাইলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম
ছবি : সংগৃহীত
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ও সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে সোমবার রাতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি এবং বাসিজ বাহিনী প্রধান নিহত হওয়ার পর খাতিবের মৃত্যু ইরানের ভেতরে চলমান যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে।
ইসমাইল খাতিব ২০২১ সালের আগস্ট থেকে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে পদে বহাল রাখেন, যা ছিল অস্বাভাবিক পদক্ষেপ। খাতিবকে আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এবং কট্টরপন্থী হিসেবে বিবেচনা করা হতো।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানিয়েছেন, দুই ফ্রন্টে যুদ্ধ অব্যাহত থাকবে এবং আরও বিস্ময়কর ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরাইলি সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় তারা এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যা তিনজন সিনিয়র ইরানি কর্মকর্তার মৃত্যুর ঘোষণা দেওয়ার সুযোগ করে দিয়েছে।
ইসরাইলি বিশ্লেষকদের মতে, খাতিব নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ ছিলেন এবং তার মৃত্যু ইরানি নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইসরাইলের আরেকটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আলজাজিরা



