ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এ হামলা চালানো হয়। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, শহরতলী রামাত গানে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে গুরুতর আহত দুইজন পরে মারা যান। নিহতরা সত্তরোর্ধ এক দম্পতি ছিলেন।
ইরান জানিয়েছে, তাদের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর আগে তেহরানে ইসরায়েলি হামলায় লারিজানি নিহত হন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা খোররামশাহর-৪ ও কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরায়েল দাবি করেছে, ইরান ক্লাস্টার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে বড় এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রতিরোধ করা কঠিন। চলমান সংঘাতের ফলে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
এদিকে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সংঘাত শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: রয়টার্স



