ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে তেল আবিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:৫১ এএম
ছবি : সংগৃহীত
কুদস দিবস পালনের পরপরই ইসরাইলের রাজধানী তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক এ আক্রমণে রাতের আকাশ ক্ষেপণাস্ত্রের আলোয় ঝলমল করে ওঠে। কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। একই সঙ্গে বাজতে থাকে সতর্ক সাইরেন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, হামলার পর মধ্য ইসরাইলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুন দেখা গেছে। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন, একটি গুদামঘরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে সেটি কীসের গুদাম এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এর আগে রাতেই তেল আবিবের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আলো দেখা যায়। ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর এ হামলাকে অন্যতম বড় প্রতিশোধমূলক আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা



