মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আগামী দুই মাসে মোট ১১০০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানিয়েছেন, তাদের মোট ফ্লাইটের প্রায় ৫ শতাংশ বাতিল করা হবে। এতে প্রায় ৪৪ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশিরভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটে, তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। তবে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফ্লাইটগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়বে না, কারণ ইউরোপে যাওয়ার বিকল্প রুট হিসেবে এ পথে চাহিদা বেড়েছে।
নিখিল রবিশঙ্কর আরও বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জেট ফুয়েলের দামে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা তাদের ভাড়া ও ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনছে।



