পাকিস্তানে জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে তৈরি জ্বালানি সংকট মোকাবিলায় নতুন কৃচ্ছ্রসাধন পরিকল্পনা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, সরকারি খরচ কমাতে চার দিনের কর্মসপ্তাহসহ একাধিক সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড় বাধা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে সরকার পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
শাহবাজ শরিফ আরও বলেন, পুরো অঞ্চলই এখন সংঘাতের মধ্যে রয়েছে এবং পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে দেশের পশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে পাকিস্তান। এ পরিস্থিতিতে সেনাপ্রধান অসিম মুনিরের নেতৃত্বে সামরিক বাহিনী দায়িত্ব পালন করছে।
তিনি ইরানে সাম্প্রতিক হামলার নিন্দা জানান এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলার ঘটনাও সমালোচনা করেন। সংকটময় পরিস্থিতি নিয়ে বন্ধুপ্রতিম দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি। কঠিন সময়ে পাকিস্তান তাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।



