ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৫:৩২ এএম
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশাল-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে।”
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনো যুক্তরাষ্ট্রের ইরানে চালানো হামলা বা সংঘাতের সম্ভাব্য সমাপ্তি নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। তবে টাইম ম্যাগাজিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার প্রশাসনের লক্ষ্য চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে অর্জন করা। যদিও তিনি একই সঙ্গে উল্লেখ করেন, “এ বিষয়ে আমার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা কাজটি শেষ করতে চাই।”
ট্রাম্প আরও দাবি করেন, ভবিষ্যতে ইরানে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা দেশটিকে অর্থনৈতিকভাবে পুনর্গঠনে কাজ করবে। তিনি লেখেন, “এরপর আমরা এবং আমাদের সাহসী মিত্ররা একসঙ্গে কাজ করে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনব। ইরানকে আগের চেয়েও বড়, উন্নত ও শক্তিশালী অর্থনীতিতে পরিণত করা হবে।”
পোস্টের শেষে ট্রাম্প লেখেন: “ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মেক ইরান গ্রেট এগেইন (MIGA)।”



