মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে আমেরিকানদের যত দ্রুত সম্ভব এবং বর্তমানে চালু থাকা পরিবহনব্যবস্থা ব্যবহার করে এসব দেশ ত্যাগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
সতর্কবার্তায় যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো—বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ১৫টি দেশের ভূখণ্ড বা স্থাপনায় হামলা চালিয়েছে। আইআরজিসির তালিকায় রয়েছে—ইসরাইল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, বাহরাইন, ওমান, সিরিয়া, সাইপ্রাস, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্য।



