Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে হামলার বিপক্ষে ৭৫ শতাংশ মার্কিন নাগরিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:১২ এএম

ইরানে হামলার বিপক্ষে ৭৫ শতাংশ মার্কিন নাগরিক

ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র ২৫ শতাংশ আমেরিকান এই হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন; বিপরীতে প্রায় ৭৫ শতাংশ নাগরিকই এর বিরোধিতা করেছেন।

জরিপে উঠে এসেছে, অর্ধেকেরও বেশি আমেরিকান মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে অতিমাত্রায় আগ্রহী। প্রায় ৫৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্প মার্কিন স্বার্থ রক্ষায় অযথা যুদ্ধের পথ বেছে নিচ্ছেন। এ ধারণার সঙ্গে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট, ২৩ শতাংশ রিপাবলিকান এবং ৬০ শতাংশ নির্দলীয় ব্যক্তি একমত হয়েছেন।

জরিপে দেখা গেছে, ইরান-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে মাত্র ২৭ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন। বিপরীতে ৪৩ শতাংশ এর বিরোধিতা করেছেন এবং ২৯ শতাংশ কোনো মত দেননি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই আকস্মিক হামলা সম্পর্কে প্রায় ৯০ শতাংশ আমেরিকানই অবগত আছেন।

রিপাবলিকানদের মধ্যে ৫৫ শতাংশ এই হামলার পক্ষে থাকলেও তাদের ৪২ শতাংশ জানিয়েছেন, যদি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা নিহত বা আহত হন, তবে তারা সমর্থন প্রত্যাহার করবেন। ইতিমধ্যে চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলসহ বিভিন্ন মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার পর ট্রাম্পের জনপ্রিয়তা ১ শতাংশ কমে ৩৯ শতাংশে নেমে এসেছে। জরিপে আরও দেখা গেছে, ৪৫ শতাংশ আমেরিকান মনে করেন, যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেলে তারা এই অভিযানের সমর্থন করবেন না। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, সংঘাত চলতে থাকলে দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, জেনেভায় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। ওয়াশিংটন চায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। তবে তেহরান দাবি করছে, তারা বিদ্যুৎ উৎপাদনের জন্যই ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করছে।

এই অনলাইন জরিপে মোট ১,২৮২ জন প্রাপ্তবয়স্ক আমেরিকান অংশ নেন। এতে ভুলের মাত্রা ছিল প্রায় ৩ শতাংশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন