ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৫:৫৪ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং অন্তত ৯০ জন শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই আগ্রাসনের প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রেই বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির বিভিন্ন শহরে নাগরিকরা রাস্তায় নেমে ইরানের পতাকা ও যুদ্ধবিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ করছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে সামরিক হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালায়। দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মতো অঞ্চলে ইরানের হামলার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি যুব আন্দোলন, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা, কোড পিঙ্ক এবং দ্য পিপলস ফোরামসহ বেশ কয়েকটি অধিকারকর্মী সংগঠন যৌথভাবে বিক্ষোভ করছে।
এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। পাকিস্তান ও ইরাকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানে অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: বিবিসি



