পাকিস্তান ও ইরাকে খামেনি হত্যার প্রতিবাদে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৫:৩২ এএম
ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তান ও ইরাকে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
রোববার সকালে ইরান নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় রাজধানী তেহরানে নিজের প্রাসাদে খামেনি নিহত হয়েছেন। তিনি প্রায় চার দশক ধরে দেশটির সুপ্রিম লিডার ছিলেন।
এর প্রতিবাদে পাকিস্তানের করাচিতে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালায়। তারা কনস্যুলেটের রিসিপশনে ঢুকে পড়লে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। একই দিনে গিলগিত-বালতিস্তানে আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ চলাকালে দুজন নিহত হন। বিক্ষোভকারীরা গ্রিনজোনে প্রবেশ করলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়।
সূত্র: দ্য গার্ডিয়ান



