লা পাজের কাছে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজর কাছে দেশটির জাতীয় মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো বলিভিয়ান বলিভিয়ানো মুদ্রা নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি লকহিড সি-১৩০ হারকিউলিস কার্গো উড়োজাহাজ অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। রানওয়েতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সরে গিয়ে কাছাকাছি একটি মহাসড়কে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকলেও বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কতজন বিমানটির যাত্রী এবং কতজন ক্ষতিগ্রস্ত গাড়ির আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র সার্জিও লোরা জানান, কার্গো বিমানটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ পাওয়া গেছে, দু’জন এখনও নিখোঁজ। বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো শহরের উদ্দেশে রওনা হয়েছিল।
দুর্ঘটনায় মহাসড়কে থাকা অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ভেতর থেকে ছড়িয়ে পড়া নোট সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় করছেন অনেকে।
তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, উদ্ধার হওয়া নোটগুলো এখনও বৈধ মুদ্রা হিসেবে ব্যবহারযোগ্য নয়। কারণ এগুলোতে এখনো সিরিয়াল নম্বর বসানো হয়নি। তার ভাষ্য, সিরিয়াল নম্বর সংযোজনের জন্যই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে নেওয়া হচ্ছিল।
সূত্র : এএফপি



