ইসরায়েল সফরে পৌঁছেছেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
দুই দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে। খবর আলজাজিরার।
গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের কারণে নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এর মধ্যেই মোদির এ সফর অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে গাজায় অন্তত ৭২ হাজার ৭৩ জন নিহত হয়েছেন।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ভারত এর বিরোধিতা করেছিল। দীর্ঘদিন ফিলিস্তিনপন্থী অবস্থান বজায় রাখলেও ১৯৯২ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি ও বাণিজ্য খাতে সহযোগিতা বেড়েছে। গত বছর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নয়াদিল্লি সফরে পারস্পরিক বিনিয়োগ চুক্তি সই হয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩.৯ বিলিয়ন ডলার এবং বিনিয়োগের পরিমাণ প্রায় ৮০০ মিলিয়ন ডলার।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত ও ইসরায়েলের মধ্যে একটি অসাধারণ জোট রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।



