বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও মুরগি আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি দেশের কাঁচা মুরগির মাংস ও ডিম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোটে ডি’ভোয়ার ও মন্টিনিগ্রো।
অন্যদিকে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নির্দিষ্ট অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈশ্বিকভাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা কেবল কাঁচা মুরগির মাংস ও ডিমের ক্ষেত্রে প্রযোজ্য। তাপ প্রক্রিয়াজাত মুরগির মাংস ও ডিমের ক্ষেত্রে কোনো বাধা নেই।
কর্তৃপক্ষ আরও জানায়, সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদক ও রপ্তানিকারকরা যদি অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষা মান পূরণ করতে পারে, তবে ভবিষ্যতে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার সুযোগ থাকবে।
সৌদি আরবের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



