বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র প্রদর্শনের অনুরোধ জানানো হলে তারা তা দেখাতে পারেননি বলে দাবি পুলিশের।
আটকদের অধিকাংশই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি তাদের কার্যকলাপ নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশ নজরদারি শুরু করে এবং পরে তাদের আটক করে।
মঙ্গলবার বিকেলে তাদের বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস-এ তুলে পশ্চিমবঙ্গে পাঠানো হয়। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তাদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।



