যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম
বিশ্বের সব দেশের ওপর আরোপ করা অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত বছর তার আরোপ করা শুল্ক বাতিল করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই ঘোষণা আসে।
আদালতের রায়ের পর প্রথমে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এরপর আরও কয়েক ঘণ্টা না যেতেই সেটি বাড়িয়ে ১৫ শতাংশ করেন তিনি।
নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি ঘোষণা দিচ্ছেন যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। তার দাবি, বহু বছর ধরে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ‘ঠকিয়ে’ এসেছে এবং তার প্রশাসন দায়িত্ব নেওয়ার আগে এর কোনো কার্যকর প্রতিকার হয়নি। এখন থেকে আইন মেনেই এই অতিরিক্ত শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নতুন ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এটিকে স্থায়ী ও আইনি ভিত্তি দিতে তার প্রশাসন কাজ করবে।
উল্লেখ্য, গত বছর জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) এর অধীনে বিশ্বের সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়ে যায়।
আদালত রায়ে বলেছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল। সূত্র: দ্য গার্ডিয়ান।



