ভারতীয় স্পাইসজেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
বকেয়া পথপরিচালনা ফি পরিশোধ না করায় ভারতীয় বাজেট বিমান সংস্থা স্পাইসজেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে সংস্থাটির একাধিক উড়োজাহাজকে এখন বিকল্প ও দীর্ঘতর পথ ব্যবহার করতে হচ্ছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী একটি আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের উড়োজাহাজগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী উড়োজাহাজগুলোকে এখন বাংলাদেশের ওপর দিয়ে সরাসরি না গিয়ে ঘুরপথে যেতে হচ্ছে। ফলে যাত্রাসময় বেড়েছে।
সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং এটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়ার অংশ। সব উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ফ্লাইট বাতিল হয়নি বলেও দাবি করা হয়েছে। বকেয়া পরিশোধের বিষয়টি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
স্পাইসজেটের প্রধান বাণিজ্য কর্মকর্তা দেবজো মহর্ষি বলেন, গত ত্রৈমাসিকে সংস্থাটি তাদের সক্ষমতা দ্বিগুণ করেছে, যা ব্যবসার প্রতি আস্থার প্রতিফলন। ২০২৬ সালের মধ্যে প্রতিদিন ৩০০টির বেশি উড়োজাহাজ পরিচালনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
এদিকে সংবাদ প্রকাশের পর শেয়ারবাজারে প্রভাব পড়ে। বোম্বে শেয়ারবাজারে সংস্থাটির শেয়ারের দাম প্রায় ১ শতাংশ কমে ১৬ দশমিক ৮১ রুপিতে নেমে আসে। গত ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থাটি ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি লোকসানের তথ্যও জানিয়েছে।
ঘুরপথে চলাচলের কারণে যাত্রাসময় বাড়লেও সংস্থার দাবি, এতে যাত্রী নিরাপত্তা বা সময়সূচিতে বড় ধরনের প্রভাব পড়বে না। সূত্র: পিটিআই



