ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের, পাল্টা কঠোর হুঁশিয়ারি তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্যের পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে পাঠানো এক চিঠিতে জানান, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে জবাব দেওয়া হবে। চিঠিতে বলা হয়, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রমণের শিকার হলে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং এর দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম দি ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে ইরানে সীমিত পরিসরে হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে তেহরানকে নতুন পরমাণু চুক্তিতে রাজি করাতে চাপ সৃষ্টি করা হতে পারে।
তবে ওই চাপে কাজ না হলে পরবর্তী ধাপে আরও বড় পরিসরে হামলার সম্ভাবনার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে বলা হয়, এমন পরিস্থিতিতে লক্ষ্য হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা কাঠামো।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন কূটনৈতিক তৎপরতা ও উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।



