Logo
Logo
×

আন্তর্জাতিক

বিএনপি সরকারের শপথে মোদি থাকছেন না

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

বিএনপি সরকারের শপথে মোদি থাকছেন না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এতে ভারতের প্রধানমন্ত্রীসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার ১৫ ফেব্রুয়ারির এক প্রতিবেদনে জানিয়েছে, একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে যাচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা রয়েছে। পরে ম্যাক্রোঁ রাজধানী নয়াদিল্লিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের একজন প্রতিনিধি অংশ নিতে পারেন। এ ক্ষেত্রে উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। সেখানে মোদি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার অব্যাহত থাকবে।

এদিকে ঢাকায় শপথের প্রস্তুতি চলছে জোর কদমে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক কূটনীতির পরবর্তী অধ্যায় কোন পথে এগোবে, সে দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন