পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় বামপন্থি সেগুরোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। কট্টর ডানপন্থি প্রতিদ্বন্দ্বী আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে তিনি এ জয় পান।
৬৩ বছর বয়সী সেগুরো পর্তুগালের বামঘরানার দল সোশ্যালিস্ট পার্টির নেতা। অন্যদিকে, ৪৩ বছর বয়সী আন্দ্রে ভেঞ্চুরা ডানপন্থি দল চেগা’র শীর্ষ নেতা হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে রোববার দেওয়া এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানায়, মোট ভোটারের ৯৭ শতাংশ ভোট প্রদান করেছেন। এর মধ্যে ৬৩ শতাংশ ভোট পেয়েছেন সেগুরো, আর ভেঞ্চুরার ঝুলিতে গেছে ৩৪ শতাংশ ভোট।
রোববার প্রকাশিত এই ফলাফল দ্বিতীয় দফা বা রান-অফ নির্বাচনের চূড়ান্ত ফল। এর আগে গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে ওই অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোট নেওয়া সম্ভব হয়নি।
তবে উত্তরাঞ্চলে ওই দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং প্রায় ৩৭ হাজার ভোটার ভোট দেন, যা পর্তুগালের মোট ভোটারের দশমিক ৩ শতাংশ। বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করে এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ৭ ফেব্রুয়ারি।
রোববার ঘোষিত চূড়ান্ত ফলাফলে ১৮ জানুয়ারিতে দেওয়া ভোটগুলোকেও হিসাবের আওতায় আনা হয়েছে।
পর্তুগালের শাসনব্যবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হলেও তা পুরোপুরি আনুষ্ঠানিক নয়। জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই পার্লামেন্ট ভেঙে দেওয়াসহ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে ন্যস্ত রয়েছে।
উল্লেখ্য, বন্যার কারণে ভোট স্থগিত করে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ঘোষণার পর কঠোর আপত্তি জানিয়েছিলেন পরাজিত প্রার্থী আন্দ্রে ভেঞ্চুরা। তিনি পুরো নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি তুললেও নির্বাচন কমিশন সেই দাবি গ্রহণ করেনি।
তবে নির্বাচনে পরাজিত হলেও এবারের ভোটে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ভেঞ্চুরা ও তার দল চেগা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগের নির্বাচনগুলোর তুলনায় এবারে অভিবাসনবিরোধী চেগা পার্টির জনপ্রিয়তা বেড়েছে ২২ দশমিক ৮ শতাংশ।
সূত্র : আলজাজিরা



