আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, মানতে হবে যে শর্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আগামীকাল ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ বৈঠকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণে একটি কাঠামো তৈরি করেছে মধ্যস্থতাকারী তিন দেশ— তুরস্ক, মিসর ও কাতার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে। পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল ব্যবহারে বিধিনিষেধ আরোপ এবং হিজবুল্লাহ ও হুতির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করতে হবে।
চুক্তির প্রস্তাবনায় বলা হয়েছে, ইরান আগামী তিন বছর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। এর পর তাদের সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ হারে সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হবে। বর্তমানে ইরানের কাছে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধকৃত ৪৪০ কেজি ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তর করতে হবে। একই সঙ্গে ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করবে না। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে শুধু ব্যবহার নয়, মিসাইল উৎপাদনও সীমিত করতে হবে এবং এগুলোর আঘাত হানার ক্ষমতা কমাতে হবে।
একটি সূত্র জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অগ্রাসনবিরোধী চুক্তির প্রস্তাবও রয়েছে। তবে মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত কাঠামো নিয়ে দুই পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, ইরানকে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, মিসাইল কার্যক্রম এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও চুক্তিতে আসতে হবে।



