ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে বিদ্যুৎ ব্যবস্থায় এত বড় আক্রমণ চালায়নি রুশ বাহিনী।
সোমবার ইউক্রেনের পাঁচ অঞ্চলে কমপক্ষে ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি জানান, তীব্র শীতের মধ্যে সাধারণ জনগণের ভোগান্তি বাড়াতে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে ইউক্রেনে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, রাতে তা আরও কমে মাইনাস ২০ ডিগ্রিতে পৌঁছায়।
ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক জানিয়েছে, সোমবারের হামলা ছিল চলতি বছরের সবচেয়ে বড় আগ্রাসন। এতে তাদের ১০ জন কর্মচারী আহত হয়েছেন।
বিশ্লেষকদের ধারণা, ন্যাটো মহাসচিব মার্ক রুটে কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর প্রতিক্রিয়াতেই রাশিয়া এ হামলা চালিয়েছে।
এমন সময়ে হামলা হলো, যখন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ অবসানের বিষয়ে বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র: এএফপি



