আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকোম) মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স রয়টার্সকে জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটি ভূপাতিত করে। তার ভাষায়, ড্রোনটি জাহাজটির দিকে এগিয়ে আসছিল, তবে আঘাত হানার আগেই সেটিকে ধ্বংস করা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও ড্রোন ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে উড়ছিল এবং মার্কিন নৌবাহিনী সেটি ভূপাতিত করেছে। কী কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ড্রোন ভূপাতিতের খবর নিশ্চিত হওয়ার পর রয়টার্স এ বিষয়ে মন্তব্য জানতে জাতিসংঘে ইরানের মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গত জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইন্দো-প্রশান্ত অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একটি বড় নৌবহর। ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই এই নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হয়। বর্তমানে তা আরব সাগরে অবস্থান করছে।
এমন এক সময় এই ঘটনা ঘটল, যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা।
প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে প্রায় দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র : রয়টার্স



