ছবি- সংগৃহীত
ইসরায়েলের বিমান বাহিনীর টানা হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন আরও ১,৩২৬ জন- এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।
সংস্থাটির বরাত দিয়ে জানানো হয়, ১৩ জুন থেকে ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে চালানো হামলায় এই প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক বাহিনীর সদস্য এবং ২৩৯ জনকে সাধারণ বেসামরিক নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
এর আগে, ১৪ জুন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তেহরানসহ আক্রান্ত বিভিন্ন শহরে এ পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত ও ১,২৭৭ জন আহত হয়েছেন।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও দ্রুত আক্রমণ শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর জানায়, ইরানের পাল্টা হামলায় ২৪ জন ইসরায়েলি নিহত এবং আরও ৫০০ জন আহত হন। তবে এর পর থেকে ইসরায়েল আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।



