Logo
Logo
×

খেলা

২০ শূন্য, বিব্রতকর রেকর্ডের শীর্ষে মুমিনুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

২০ শূন্য, বিব্রতকর রেকর্ডের শীর্ষে মুমিনুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত দুই টেস্টের সিরিজে ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেননি মুমিনুল হক। চার ইনিংসে করেছেন স্রেফ ১৯ রান, দুবার সাজঘরে ফিরেছেন শূন্য রানে। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আবারও ডাক মেরেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। তাতেই বিব্রতকর এক রেকর্ডের শীর্ষস্থানে ভাগ বসিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটে এক থেকে চার নম্বর ব্যাটিং পজিশনে মুমিনুলের শূন্যের সংখ্যা বেড়ে হয়েছে ২০টি। ফলে মাইক অ্যাথারটনের সঙ্গে তিনি এখন যৌথভাবে শীর্ষে। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক যেখানে প্রথম চারটি পজিশনে ২১০ ইনিংস খেলে ২০টি ডাক মেরেছিলেন, সেখানে ১৫০ ইনিংসেই মুমিনুল তার পাশে বসেছেন।

এই সংস্করণে এক থেকে চার নম্বর ব্যাটিং পজিশনে সবচেয়ে বেশি ডাকের রেকর্ডে মুমিনুল ও অ্যাথারটনের পরই একসঙ্গে আছেন পাকিস্তানের আজহার আলী ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাথওয়েট। দুজনের ডাক ১৯টি করে। তৃতীয় স্থানে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু, নিউজিল্যান্ডের টম ল্যাথাম ও পাকিস্তানের ইউনিস খান। তাদের প্রত্যেকের ডাক ১৭টি।

বুধবার সুপারস্পোর্ট পার্কে ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫ বল খেলেই বিদায় নেন মুমিনুল। প্রোটিয়া পেসার ভিয়ান মুল্ডারের লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫ বছর বয়সী মুমিনুলের সামগ্রিক টেস্ট পরিসংখ্যানও স্বস্তিদায়ক নয়। ১০ টেস্টের ১৮ ইনিংসে তার সংগ্রহ কেবল ২৫৬ রান, গড় ১৪.২২। ফিফটি দুটি, সর্বোচ্চ ইনিংস ৮২ রানের। ডাক ছয়টি। এক অঙ্কের ঘরে রান করে ফিরেছেন ১৩ ইনিংসে। এবারের সিরিজে চার ইনিংসে তার রান যথাক্রমে ০, ১, ১৮ ও ০।

শুধু তাই নয়, প্রোটিয়াদের মাটিতে মুমিনুলের পারফরম্যান্স আরও বিবর্ণ। সেখানে ছয় টেস্টের ১২ ইনিংসে তার রান মোটে ১২৪, ব্যাটিং গড় ১০.৩৩। সর্বোচ্চ ইনিংস ৭৭ রানের, ফিফটি একটি। চারবারই ফিরেছেন শূন্য রানে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার মাঠে খেলা প্রতি তিন ইনিংসে একবার ডাক মেরেছেন এই ব্যাটার।

লাল বলের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই ছন্দহীনতায় আটকে আছেন মুমিনুল। সবশেষ আট টেস্টের ১৫ ইনিংসে তার ফিফটি স্রেফ একটি। তিনবার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন তিনি। আর আট ইনিংসেই ব্যর্থ হয়েছেন বিশের ঘরে যেতে।

মুমিনুলের ব্যক্তিগত ব্যর্থতার পাশাপাশি সেঞ্চুরিয়নে বাংলাদেশের দলীয় পারফরম্যান্সও ছিল চরম হতাশার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই ডুবেছে নাজমুল হোসেন শান্তর দল।

আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তাতে ৪০৩ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। কারণ বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল মাত্র ৯১ রানে। দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৮৪ রানে অলআউট হয় তারা। ফলে ইনিংস ও ২১৯ রানের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা।

জোহানেসবার্গে প্রথম টেস্টেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। দলীয় ব্যর্থতার এই সিরিজে মুমিনুলের ব্যাটিং-দুর্ভোগও ছিল আরও বেশি চোখে পড়ার মতো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন