Logo
Logo
×

খেলা

বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টা তামিমের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টা তামিমের

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ। ভারতের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। তবে শুধু গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। নক আউট পর্বের একাধিক ম্যাচসহ বাংলাদেশের মাটিতে একটি সেমিফাইনাল আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।

২০৩১ বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম আগেই ঘোষণা করেছে আইসিসি। ফলে এই আয়োজনের কৃতিত্ব নিজের বা বর্তমান বোর্ডের নয় বলে মনে করেন তামিম। তবে বিশ্বকাপের ম্যাচ বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের প্রাপ্তি বাড়াতে কাজ করছেন তিনি।

রোববার দুপুরে বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘আপনারা জানেন, এটা আমার কোনো কৃতিত্ব নয়। ২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে হবে, সেটা আগেই ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তও অনেক আগের। এখানে আমার বা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং আইসিসিকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি, এটা করতে পারব। আমি খুবই আশাবাদী, বাংলাদেশে অন্তত একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।’

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচসংখ্যা বাড়ানোর বিষয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তার মতে, আগের আসরগুলোর তুলনায় ২০৩১ বিশ্বকাপে বাংলাদেশে বেশি ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি সেমিফাইনাল আয়োজনের স্বপ্নও দেখছেন তিনি।

তামিম আরও বলেন, ‘আমি ইতিমধ্যে এ নিয়ে আলোচনা করছি। সময়ের সঙ্গে যখন আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তখন আপনারা জানতে পারবেন। আমি খুবই আশাবাদী, বাংলাদেশে অবশ্যই গ্রুপ পর্বের ম্যাচ হবে এবং আগের তুলনায় বেশি ম্যাচ হবে। তবে আমরা যদি একটি সেমিফাইনাল আয়োজনের সুযোগ পাই, তাহলে সেটি আমাদের জন্য দারুণ হবে। এ বিষয়েও আইসিসির সঙ্গে আলোচনা চলছে।’

উল্লেখ্য, ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সে আসরে দেশের মাটিতে গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের কোয়ার্টার ফাইনালের ম্যাচও বসেছিল বাংলাদেশে। 

এবার ২০৩১ বিশ্বকাপে সহ-আয়োজক হিসেবে আরও বড় পরিসরে নিজেদের ক্রিকেট আয়োজনের সক্ষমতা তুলে ধরার সুযোগ দেখছে বাংলাদেশ। গ্রুপ পর্বের পাশাপাশি একটি সেমিফাইনাল আয়োজন করতে পারলে তা হবে দেশের ক্রিকেটের জন্য উল্লেখযোগ্য অর্জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন