প্রতিপক্ষের মুখে বল ছুড়ে বিতর্কে মেসি, মায়ামির বড় হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের শুরুতেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলে হেরে বসেছে লিওনেল মেসির দল। তবে এই হারের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে ম্যাচের প্রথমার্ধের একটি বিতর্কিত ঘটনা; যেখানে মেসি প্রতিপক্ষ এক খেলোয়াড়ের মুখে সজোরে বল ছুড়ে মারেন।
ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে সেরা তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথমটিতে কলম্বাসের সামনে দাঁড়াতেই পারেনি ইস্টার্ন কনফারেন্সের রানার্সআপ মায়ামি।
ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। ৩৬তম মিনিটে মায়ামির ডিফেন্ডার গঞ্জালো লুজান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুযোগে দ্বিতীয়ার্ধের ৫২ ও ৫৮তম মিনিটে আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় মায়ামি। কলম্বাসের পক্ষে জোড়া গোল করেন তাপিয়া।
তবে হারের চেয়েও বড় বিতর্কের জন্ম হয় বিরতির ঠিক আগে। দ্রুত থ্রো-ইন নিতে গিয়ে মেজাজ হারান মেসি। কলম্বাসের ফরোয়ার্ড তাপিয়া মেসির সামনে দাঁড়িয়ে থ্রো-ইনে বাধা সৃষ্টি করছিলেন। পেছনে সরার ভান করলেও তিনি বল ছোড়ার পথেই দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে মেসি সজোরে থ্রো-ইন করলে বল সরাসরি গিয়ে লাগে তাপিয়ার মুখে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এই ঘটনায় রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। খেলায় বাধা দেওয়ার জন্য তাপিয়া এবং বিপজ্জনকভাবে বল ছোড়ার জন্য কার্ড দেখেন মেসি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থক দাবি তুলেছেন, এমন বিপজ্জনক আচরণের জন্য মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল।
মেসির দাবি, তিনি কেবল দ্রুত থ্রো-ইন নিতে চেয়েছিলেন; তাপিয়া সামনে দাঁড়িয়ে থাকলে সেটা তার নিজের দোষ। তবে সমালোচকদের মতে, আর্জেন্টাইন তারকা ইচ্ছাকৃতভাবেই তাপিয়ার মুখে বল মেরেছেন।
প্লে-অফের নিয়ম অনুযায়ী, এই রাউন্ডে দুই দলের গোল ব্যবধান হিসাব করা হয় না, বরং সেরা তিন ম্যাচের সিরিজ হয়। ফলে টিকে থাকতে হলে আগামী সপ্তাহে কলম্বাসের মাঠে গিয়ে দ্বিতীয় ম্যাচটি জিততেই হবে মায়ামিকে। ম্যাচ নির্ধারিত সময়ে ড্র হলে টাইব্রেকারে ফল নির্ধারিত হবে।
চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে এমএলএসের সেরা দল মায়ামি; অ্যাওয়ে ম্যাচে তারা জিতেছে ১০টি, যা লিগের অন্য যেকোনো দলের চেয়ে অন্তত দুটি বেশি। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী থাকতে পারে ২০২৪ সালের মতো আবারও শুরুতেই বিদায়ের শঙ্কায় পড়া দলটি।



