Logo
Logo
×

খেলা

পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম

পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয়

ম্যাচের ঘড়িতে তখন ৮৭ মিনিট। সেমিফাইনালে বাংলাদেশ বিদায় নেওয়ার পরও জাতীয় স্টেডিয়ামের গ্যালারি নীরব ছিল না। মাঠের উত্তাপ ছুঁয়ে যাচ্ছে হেমন্তের রাত। আর মাত্র কয়েক মিনিট—তারপরই সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল গড়াবে অতিরিক্ত সময়ে। ঠিক তখনই আবদুল রাবিহর কর্নার, জটলার ভেতর থেকে সন্দীপ মান্ডির এক হেড, আর জার্সি খুলে তাঁর বাঁধনহারা দৌড়! ওই এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল পাকিস্তানের প্রথম শিরোপার স্বপ্ন। আর ২-১ গোলে জিতে রেকর্ড দশমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের রাজমুকুট মাথায় তুলল ভারত।

আজ ম্যাচের প্রথম মিনিটেই পাকিস্তানের ব্যাকপাস থেকে বল প্রায় কেড়ে নিয়েছিলেন সুহেইল ভাট, তৃতীয় মিনিটে বক্সে ঢুকে তার নেওয়া শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। তবে শুরুর সেই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় প্রথম শিরোপার স্বপ্নে বিভোর পাকিস্তান। দুই প্রান্ত ব্যবহার করে ভারতীয় রক্ষণে একের পর এক ঝড় তোলেন পাকিস্তানের ফরোয়ার্ডরা।

গোলশূন্য প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্তব্ধ হয়ে যায় ভারতীয় ডাগআউট। জুনায়েদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডার খাইমিনথাং লুংদিমের পায়ে লেগে দিক বদলালে বক্সে বল পেয়ে যান আলমগীর গাজী। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।

দ্বিতীয়ার্ধে ম্যাকার্টন নিকসনকে নামিয়ে খেলার গতি বাড়ায় ভারত। ৫১ মিনিটে নিকসনের থ্রু বল থেকে পিভি বিষ্ণুর শট পাকিস্তানি গোলকিপারের হাতে লেগে পোস্টে প্রতিহত হয়। ম্যাচের সবচেয়ে বড় নাটকীয়তা তখনো বাকি। ৫৬ মিনিটে ব্রিসন ফার্নান্দেসকে বাজেভাবে ফাউল করে বসেন প্রথম গোলের জোগানদাতা জুনায়েদ শাহ। ভিএআর যাচাইয়ের পর ৫৯ মিনিটে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি—মুহূর্তেই খলনায়ক বনে যান জুনায়েদ।

১০ জনের পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়তে এক মিনিটও সময় নেয়নি ভারত। ৬০ মিনিটে ডান প্রান্ত থেকে লুংদিমের ক্রসে নিকসন শট নিতে ব্যর্থ হলে আলগা বল পেয়ে যান সুহেইল ভাট। নিখুঁত শটে জাল কাঁপিয়ে ভারতকে ১-১ সমতায় ফেরান এই ফরোয়ার্ড, এরপর মেতে ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্‌যাপনে।

বাকি সময়টায় একজন বেশি নিয়ে পাকিস্তানের রক্ষণে প্রবল চাপ সৃষ্টি করে ‘ব্লু টাইগার’রা। ৬৭ মিনিটে বিষ্ণুর জোরালো শট দারুণভাবে রুখে দিয়ে পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন গোলকিপার ইউসুফ বাট। ৭২ মিনিটে আবদুল রাবিহ ও ইরফান ইয়াদওয়াদকে মাঠে নামান ভারতীয় কোচ। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে ভাঙে পাকিস্তানের প্রতিরোধ। বদলি নামা আবদুল রাবিহর কর্নার থেকে জটলার ভেতর মাথা ছোঁয়ান ডিফেন্ডার সন্দীপ মান্ডি; বল মাটিতে ড্রপ খেয়ে পোস্টের ওপরের ডান কোণা দিয়ে জালে জড়িয়ে যায়। গোল করার পরই জার্সি খুলে কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান সন্দীপ—এই গোলই নিশ্চিত করে দিল ভারতের দশম সাফ শিরোপা!

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন