Logo
Logo
×

খেলা

কুমিল্লায় প্রতি ইউনিয়নে খেলার মাঠ গড়ার ঘোষণা গণপূর্তমন্ত্রীর

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

কুমিল্লায় প্রতি ইউনিয়নে খেলার মাঠ গড়ার ঘোষণা গণপূর্তমন্ত্রীর

প্রতি ইউনিয়নে খেলার মাঠ গড়ার ঘোষণা গণপূর্তমন্ত্রী

উৎসবমুখর পরিবেশ, খেলোয়াড়দের নৈপুণ্য এবং বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে শেষ হলো ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আজ (শুক্রবার) বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে চান্দিনা উপজেলা দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল। ১৯টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন আদর্শ সদর দলের রবিউল ইসলাম সবুজ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন চান্দিনা দলের মেহেদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।" এ সময় তিনি নতুন প্রজন্মের জন্য কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা এবং বিদ্যমান মাঠগুলোর আধুনিকায়নের ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, "খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করে, যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব।" তিনি দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণ এবং কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন। এ ছাড়া বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন