Logo
Logo
×

খেলা

দশে দশ, তবে সেরাটা এখনো বাকি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

দশে দশ, তবে সেরাটা এখনো বাকি

ফুটবল মাঠে কিছু কিছু জয় আছে, যেগুলো কেবল ম্যাচ জেতার স্বস্তিতেই সীমাবদ্ধ থাকে না। বরং এমন এক তৃপ্তি এনে দেয়, যা সাধারণ জয়ের আনন্দকেও ছাড়িয়ে যায়। তবে এমন ম্যাচের দেখা খুব বেশি মেলে না।

বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয় ছিল ঠিক তেমনই একটি ম্যাচ। গ্যালারি থেকে মাঠ, সবখানেই ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। খেলা দেখতে সমর্থকদের কেউ কেউ ফটক ভেঙেও স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। দীর্ঘদিন পর তারা এমন এক বাংলাদেশ দলকে দেখেছেন, যারা আত্মবিশ্বাসের সঙ্গে সাবলীল ফুটবল খেলেছে।

এই ম্যাচে সবচেয়ে তৃপ্তির বিষয় শুধু চার গোলের বড় জয় নয়, বরং দলের প্রতিটি বিভাগের মধ্যে দারুণ সমন্বয়।

বল নিজেদের দখলে না থাকলেও বাংলাদেশ ছিল বেশ সংগঠিত। মাঝমাঠে খেলেছে ধীরস্থির ও নিয়ন্ত্রিত ফুটবল। আর আক্রমণে ছিল যথেষ্ট ধার। চারটি গোল করেছেন চারজন ভিন্ন ফুটবলার। তবে এর চেয়েও বড় প্রাপ্তি, প্রধান কোচ টমাস ডুলি সম্ভবত এমন একটি কৌশলগত কাঠামো খুঁজে পেয়েছেন, যেখানে দলের সেরা খেলোয়াড়েরা একে অন্যের সামর্থ্যকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারছেন।

সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে মাঝমাঠে। শমিত সোম ও কাজেম শাহকে ডাবল পিভট হিসেবে খেলানো হয়েছে। আর অধিনায়ক হামজা চৌধুরীকে এগিয়ে দেওয়া হয়েছে নাম্বার টেন বা অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায়।

গত এক বছরে জাতীয় দলে নিয়মিত জায়গা পাননি কাজেম। এমনকি ফিফা আসিয়ান কাপের দলেও তাকে রাখা হয়নি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঝমাঠে রক্ষণাত্মক স্থিতিশীলতা এনে দিয়েছেন তিনি। কিছুটা নিচে নেমে খেলে রক্ষণভাগের চার ফুটবলারকে সুরক্ষা দিয়েছেন, প্রতিপক্ষের পাস দেওয়ার পথ বন্ধ করেছেন এবং চাপের মধ্যেও বাংলাদেশকে বলের দখল ধরে রাখতে সাহায্য করেছেন। তার সঠিক পজিশনিংয়ের কারণে শমিতও আরও বেশি আক্রমণে ওঠার সুযোগ পেয়েছেন। মাঝমাঠকে অরক্ষিত না রেখেই আক্রমণে যোগ দিতে পেরেছেন তিনি।

এই কৌশলগত পরিবর্তনের আরেকটি বড় সুবিধা পেয়েছেন হামজা। প্রতিপক্ষের গোলের কাছাকাছি থেকে খেলায় আরও বেশি প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে তার। এর আগে তুলনামূলক নিচের দিকে খেলায় তাকে মাঠের অনেকটা জায়গাজুড়ে দৌড়াতে হতো, রক্ষণেও ভূমিকা রাখতে হতো। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আরও বিপজ্জনক জায়গায় থেকে নিজের পাস দেওয়ার দক্ষতা, শারীরিক শক্তি এবং ফাঁকা জায়গা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন তিনি।

ডুলি চেয়েছিলেন, হামজার ফুটবলীয় বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দুই প্রান্তের খেলোয়াড় এবং মূল স্ট্রাইকারের মধ্যে সমন্বয় তৈরি করতে। একই সঙ্গে দূরপাল্লার শট নেওয়া এবং প্রতিপক্ষের বক্সে ঢুকে আক্রমণে অংশ নেওয়ার স্বাধীনতাও দিতে চেয়েছিলেন তাকে। রক্ষণ সামলানোর দায়িত্ব ভাগাভাগি হওয়ায় মাঝমাঠের অন্য ফুটবলাররাও আরও স্বাধীনভাবে খেলতে পেরেছেন। হামজা ও কাজেমকে নিয়ে ডুলির এই পরীক্ষা সফল হয়েছে। দুজনই এমন দুটি পজিশনে দুর্দান্ত খেলেছেন, যেখানে সাধারণত তাদের খেলতে দেখা যায় না।

এই পরিবর্তনের সুফল দেখা গেছে মাঠের দুই প্রান্তেও। মাঝমাঠের কেন্দ্রীয় অংশে হামজা প্রতিপক্ষকে ব্যস্ত রাখায় বাঁ প্রান্তে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। ৫৩তম মিনিটে তাঁর গোলটি ছিল ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। পায়ের কাছাকাছি বল রেখে অসাধারণ নিয়ন্ত্রণে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরের দিকে ঢুকে পড়েন ফারহান। এরপর তার নেওয়া শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

অন্য প্রান্তে রাকিব হোসেন ছিলেন নিজের গতির কারণে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি। ডিফেন্ডারদের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে বারবার বিপদ তৈরি করেছেন তিনি। শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে সামনে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতো চিপ শটে গোল করে বড় জয়টি পূর্ণতা দেন রাকিব।

তবে আক্রমণভাগের খেলোয়াড়েরা যে এতটা স্বাধীনভাবে খেলতে পেরেছেন, তার পেছনে বড় ভূমিকা ছিল রক্ষণভাগের দৃঢ়তার। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষেও নিজেদের জাল অক্ষত রেখেছে বাংলাদেশ। অর্থাৎ টানা দুই ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি কোনো গোল হজম করেনি দলটি। জিদান ইউসুফ ধীরে ধীরে দলের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিচ্ছেন। চোট পাওয়ার আগে সাদ উদ্দিনও দারুণ খেলেছেন। তবে সেই চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। অন্যদিকে বদলি হিসেবে নেমে ইতিবাচক প্রভাব রেখেছেন মোহাম্মদ হৃদয়।

বাংলাদেশের রক্ষণাত্মক সংগঠনকে ‘নিখুঁত’ বলে বর্ণনা করেছেন ডুলি। তার ভাষায়, গোলরক্ষক থেকে শুরু করে সামনের দিকের খেলোয়াড়দের প্রত্যেককে নিয়েই তিনি স্বস্তিতে ছিলেন। 

রক্ষণভাগের এই দৃঢ়তাই বাংলাদেশকে নিজেদের কৌশলগত কাঠামো ঠিক রেখে আরও বেশি খেলোয়াড়কে আক্রমণে পাঠানোর সুযোগ করে দিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্সকে দশে দশ নম্বর দিলেও ডুলি মনে করেন, বাংলাদেশ এখনো নিজেদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। তিনি চান, প্রত্যেক খেলোয়াড় মাঠে নিজের দায়িত্ব আরও ভালোভাবে বুঝুক, বল পায়ে পাওয়ার আগেই চারপাশের পরিস্থিতি দেখে নিক এবং আরও দ্রুত সিদ্ধান্ত নিক। একই সঙ্গে ডুলি পরিষ্কার করে দিয়েছেন, বুধবারের এই পারফরম্যান্স যেন ব্যতিক্রমী কোনো ঘটনা হয়ে না থাকে। বরং বাংলাদেশকে নিয়মিত এমন ফুটবল খেলার মানদণ্ড তৈরি করতে হবে।

ডুলি বলেছেন, ‘পরের ম্যাচে আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা চাই না কম শক্তি নিয়ে খেলতে, কম চাপ তৈরি করতে কিংবা কম ফুটবল খেলে আরও বেশি বলের পেছনে ছুটতে। না, আমরা আমাদের খেলাটা চালিয়ে যেতে চাই। আমি ফুটবল খেলতে ভালোবাসি, বলের পেছনে ছুটতে আমার ভালো লাগে না।’

বুধবারের ম্যাচ দেখিয়ে দিয়েছে, দলের প্রতিটি অংশ যখন ঠিকঠাকভাবে একসঙ্গে কাজ করে, তখন এই বাংলাদেশ কতটা ভালো ফুটবল খেলতে পারে। তবে শনিবার সেমিফাইনালে পাকিস্তানের মতো সম্ভবত আরও তীক্ষ্ণ আক্রমণ ও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বেশি দক্ষ প্রতিপক্ষের সামনে একই পারফরম্যান্স করে দেখাতে হবে বাংলাদেশকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন