Logo
Logo
×

খেলা

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ

টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। ফরাসি এই স্ট্রাইকারের উজ্জ্বল পারফরম্যান্সে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনাকে স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ।

১০ জনের ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় জোসে মরিনহোর দল। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিল লস ব্লাঙ্কোরা।

রবিবার রাতে তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেস্তায়ায় রিয়ালের এই জয়ের পর শীর্ষস্থান একচ্ছত্র রাখতে আতলেতিকোর মাঠে জয়ের তাগিদ আরও বাড়ল কাতালানদের।

মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় রিয়াল। ২৮তম মিনিটে দূরপাল্লার জোরালো শটে দলকে এগিয়ে নেন ফেদেরিকো ভালভের্দে। আট মিনিট পর জুড বেলিংহামের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন আরদা গুলের। আর দ্বিতীয় অর্ধে দলীয় তৃতীয় গোলটি করেন এমবাপে।

চার ম্যাচের নিষেধাজ্ঞার শেষ ম্যাচ চলায় এই খেলায়ও বাইরে ছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তবে তার অনুপস্থিতিতেও জয়ের ধারা বজায় রেখেছে দল। গত ২৫ অক্টোবর ক্যাম্প ন্যুর ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর লিগের লড়াই জমিয়ে তুলেছে তারা।

ম্যাচের নবম মিনিটে আবেগঘন পরিবেশ তৈরি হয় মাঠে ও গ্যালারিতে। গত মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খেলা কিছু সময় বন্ধ রেখে নীরবতা পালন করেন খেলোয়াড় ও দর্শকেরা।

খেলার শুরুতেই অবশ্য রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াকে পরীক্ষা দিতে হয়। বিপজ্জনক জায়গায় ওরেলিয়েন চুয়ামেনির কাছ থেকে বল কেড়ে নেন অ্যারন মায়োল, তবে কোর্তোয়ার দারুণ সেভে বেঁচে যায় রিয়াল। এরপর ভ্যালেন্সিয়ার গিদো রদ্রিগেজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে রিয়ালের ওপর চাপ কমে।

২৮তম মিনিটে প্রথম সাফল্যের মুখ দেখে সফরকারীরা। এমবাপের নেওয়া ফ্রি-কিক ভ্যালেন্সিয়ার মানবদেয়ালে বাধা পেয়ে ডি-বক্সের বাইরে চলে এলে জোরালো শটে রিয়ালকে এগিয়ে নেন ভালভের্দে। এর কিছু পরেই বেলিংহামের ক্রস ডিফেন্ডারের গায়ে লেগে সামনে চলে এলে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন তুর্কি মিডফিল্ডার গুলের।

দ্বিতীয় অর্ধে ব্যবধান বাড়াতে আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল। গুলের ও এমবাপে দুজনেই গোলরক্ষক স্তোল দিমিত্রিএভস্কির সামনে সুযোগ পেয়েও ব্যর্থ হন। বেলিংহামের একক প্রচেষ্টা ও এমবাপের ওভারহেড কিকও চমৎকারভাবে আটকে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

অবশেষে ৭৫তম মিনিটে দেখা মেলে প্রত্যাশিত গোলের। গুলেরের ডিফেন্সচেরা পাস ধরে গতিতে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান এমবাপে। চলতি লা লিগায় এটি তার ১৩তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ১৭তম গোল।

ম্যাচ শেষের ১০ মিনিট আগে এমবাপেকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়া অধিনায়ক হোসে গায়া। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের হারের গ্লানি আরও বাড়ে।

দিনের অন্যান্য ম্যাচে দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে এস্পানিওল। শেষ মুহূর্তের গোলে আথলেতিক বিলবাওর সঙ্গে ১-১ ব্যবধানে সমতা ফেরায় ওসাসুনা। আর পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মালাগার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় রাসিং সান্তানদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন