Logo
Logo
×

খেলা

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা মেসির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা মেসির

ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে কি শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি? আর্জেন্টাইন মহাতারকাকে নিজেদের দলে ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তার জন্মশহর রোসারিওর ক্লাবটি।

সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালের জানুয়ারিতেই মেসিকে দলে পাওয়ার স্বপ্ন দেখছে তারা। তবে ইন্টার মিয়ামির সঙ্গে তার বর্তমান চুক্তির কারণে সম্ভাব্য এই প্রত্যাবর্তন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

আর্জেন্টাইন সাংবাদিক গনসালো কালভিজিওনির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে গোল ডটকম। তার দাবি, নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনার এতটা কাছাকাছি আগে কখনো ছিলেন না মেসি। ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস, ২০২৭ সালের জানুয়ারিতেই আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।

শৈশবেই নিউয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে ফুটবলের পাঠ শুরু করেছিলেন মেসি। ২০০০ সালের গ্রীষ্মে মাত্র ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমান তিনি। এরপর যোগ দেন বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায়। সেখান থেকেই ধীরে ধীরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে পেশাদার ক্যারিয়ারে নিউয়েলস ওল্ড বয়েজের মূল দলের হয়ে কখনো খেলা হয়নি মেসির। ফলে শৈশবের ক্লাবে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

তবে এই স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হতে পারে মেসির বর্তমান চুক্তি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। ফলে নির্ধারিত সময়ের আগেই ক্লাব ছাড়ার বিষয়ে কী সিদ্ধান্ত নেন মেসি, সেটিই এখন গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে মেসি কিংবা তার বর্তমান ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ২০২৭ সালের জানুয়ারিতে শৈশবের ঠিকানায় তার ফেরা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ফুটবলভক্তদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন