Logo
Logo
×

খেলা

ম্যাচের আগের রাতে দক্ষিণ আফ্রিকান রাগবি তারকার আকস্মিক মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

ম্যাচের আগের রাতে দক্ষিণ আফ্রিকান রাগবি তারকার আকস্মিক মৃত্যু

ফ্রান্সে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স কাপের একটি ম্যাচ খেলতে যাওয়ার ঠিক আগের রাতে হোটেলের রুম থেকে উদ্ধার করা হয় দক্ষিণ আফ্রিকার রাগবি তারকা হাইরন অ্যান্ড্রুজের মৃতদেহ। ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের আকস্মিক মৃত্যুর আসল কারণ এখন ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির

ফরাসি কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, হাইরন অ্যান্ড্রুজের মহাধমনি ছিঁড়ে যাওয়ার কারণে হৃদপিণ্ডকে ঘিরে থাকা আবরণে প্রচুর রক্ত জমে গিয়েছিল। এটিকে স্বাভাবিক কারণে হওয়া মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, রক্তনালীর কোনো অংশ ফুলে যাওয়ার মারাত্মক সমস্যা থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের ইলে দ্য রে দ্বীপে লায়ন্স দলের হোটেল থেকে শাওয়ারের নিচ থেকে অ্যান্ড্রুজকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। জরুরি চিকিৎসাকর্মীরা চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। লা রশেলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র এক দিন আগে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়ে পুরো রাগবি অঙ্গন।

শোকাবহ এই পরিস্থিতির মধ্যেও সতীর্থকে উপযুক্ত সম্মান জানাতেই মাঠে নেমেছিল লায়ন্স দল। স্টেড মার্সেল-ডেফল্যান্ড্রে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মাঠে রাখা হয় অ্যান্ড্রুজের ৫ নম্বর জার্সি। স্বাগতিক লা রোশেল সমর্থকরাও করতালির মাধ্যমে শ্রদ্ধা জানান। শেষ পর্যন্ত ম্যাচটিতে ৩১-১৪ ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার দলটি।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা অ্যান্ড্রুজ পেশাদার ক্যারিয়ারের বড় একটা সময় শার্কসের হয়ে খেলেছেন। এছাড়া ইংল্যান্ডের ‘সেল’ ক্লাবে আড়াই মৌসুম কাটিয়ে চলতি মৌসুমেই তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে লায়ন্স দলে যোগ দিয়েছিলেন। অ্যান্ড্রুজের মরদেহ এখনো ফ্রান্সের কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে এবং তা দক্ষিণ আফ্রিকায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। 

এদিকে প্রয়াত এই তারকার স্ত্রী মাইগলিন ও তার দুই ছোট সন্তানের শোকার্ত পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার কাছে গোপনীয়তা ও ধৈর্যের অনুরোধ জানানো হয়েছে। অ্যান্ড্রুজের সাবেক ক্লাব 'সেল'-এর রাগবি পরিচালক অ্যালেক্স স্যান্ডারসনসহ পুরো ক্রীড়াজগত তার এই আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন