Logo
Logo
×

খেলা

এল ক্লাসিকোতে বিশেষ জার্সিতে মাঠে নামবে বার্সেলোনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

এল ক্লাসিকোতে বিশেষ জার্সিতে মাঠে নামবে বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বিশেষ নকশার জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। এ উপলক্ষে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী টাইলার, দ্য ক্রিয়েটরের সঙ্গে যৌথভাবে নতুন পোশাকের কালেকশন উন্মোচনের ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের বিষয়টি জানায় বার্সেলোনা।

ক্লাবটির নতুন জার্সিতে প্রথম দেখা যাবে ২৪ অক্টোবর। সেদিন নারী দলের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। এর পরদিন, ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে পুরুষ দলের এল ক্লাসিকোতেও ব্যবহার করা হবে বিশেষ এই জার্সি।

সংগীতশিল্পীদের সঙ্গে বার্সেলোনার এমন যৌথ উদ্যোগ অবশ্য নতুন নয়। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে ক্লাবটির চুক্তির অংশ হিসেবেই বিভিন্ন আন্তর্জাতিক তারকার সঙ্গে এই ধরনের সহযোগিতা করা হয়। ২০২২-২৩ মৌসুম থেকে স্পটিফাই বার্সেলোনার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে। পাশাপাশি ক্লাবটির হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যুর নামকরণের স্বত্বও প্রতিষ্ঠানটির অধীনে।

এই উদ্যোগের মাধ্যমে গত কয়েক বছরে রোসালিয়া, অলিভিয়া রদ্রিগো, এড শিরান, ট্রাভিস স্কট, কোল্ডপ্লে, কারোল জি, দ্য রোলিং স্টোনস ও ড্রেকের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে বিশেষ জার্সি ও পোশাকের কালেকশন প্রকাশ করেছে বার্সেলোনা। প্রতিবারই ফুটবল ও সংগীতের সমন্বয়ে নতুন মাত্রা যোগ হয়েছে ক্লাবটির বিপণন কার্যক্রমে।

তবে এবারের আয়োজনের বিশেষত্ব অন্য জায়গায়। বার্সেলোনার অডিওভিজ্যুয়াল ও গ্রাফিক প্রচারণায় কোনো শিল্পী এবং তার নিজস্ব ব্র্যান্ডকে পূর্ণ সৃজনশীল স্বাধীনতা দেওয়ার ঘটনা এবারই প্রথম। এই প্রকল্পে টাইলার, দ্য ক্রিয়েটরের সঙ্গে কাজ করছে তার প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র্যান্ড ও সৃজনশীল প্রতিষ্ঠান ‘গল্ফ ওয়াং’।

টাইলার, দ্য ক্রিয়েটর একাধারে সংগীতশিল্পী, প্রযোজক ও ডিজাইনার। হিপ-হপের সঙ্গে আরঅ্যান্ডবি, সোল, ফাঙ্ক এবং পরীক্ষামূলক সংগীতের মিশেলে নিজস্ব একটি ধারা তৈরি করেছেন তিনি। তার সংগীতে যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি পোশাক ও নকশার ক্ষেত্রেও রয়েছে আলাদা নান্দনিকতা। সময়ের সঙ্গে তার সংগীতের ধরনও র‍্যাপের গণ্ডি ছাড়িয়ে আরও সুরনির্ভর ও পরিশীলিত হয়েছে।

বার্সেলোনার এই নতুন উদ্যোগে ফুটবল, সংগীত ও ফ্যাশনের মেলবন্ধন আরও একবার সামনে আসছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় নতুন জার্সি পরার বিষয়টি সমর্থকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন