Logo
Logo
×

খেলা

২০৩০ বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

২০৩০ বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান শক্ত করতে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আগামী ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবকটিরই সম্প্রচার স্বত্ব নিজেদের ঝুলিতে পুরেছে মার্কিন এই স্ট্রিমার প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

তবে এই সম্প্রচার স্বত্ব বিশ্বের সব দেশের জন্য নয়; এটি কেবল স্পেন এবং পার্শ্ববর্তী অ্যান্ডোরা অঞ্চলের দর্শকদের জন্য প্রযোজ্য। চুক্তির নিয়ম অনুযায়ী, স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য প্রতিদিন অন্তত একটি ম্যাচ উন্মুক্ত সরকারি টিভিতে দেখার সুযোগ রাখতে হবে। এছাড়া স্বাগতিক স্পেনের সব ম্যাচ, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরকারি টিভিতে বিনামূল্যে সম্প্রচার করবে নেটফ্লিক্স।

এই চুক্তির জন্য ঠিক কত অর্থ ব্যয় করা হয়েছে সে বিষয়ে মুখ খোলেনি নেটফ্লিক্স। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের জন্য স্প্যানিশ সম্প্রচারক সংস্থা আরটিভিই খরচ করেছিল প্রায় ৬১.৬ মিলিয়ন মার্কিন ডলার। ফিফার সঙ্গে নেটফ্লিক্সের পার্টনারশিপ দিন দিন আরও মজবুত হচ্ছে। এর আগে ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলের) সম্প্রচার স্বত্বও নিজেদের দখলে নিয়েছিল প্রতিষ্ঠানটি।

১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক ইভেন্ট। এই বিশেষ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।

চুক্তিটি নিশ্চিত করে নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া বলেন, ‘স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য হোমগ্রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকে স্বাগত জানানো এবং তা নেটফ্লিক্সে সরাসরি উপভোগ করা একেবারেই এক অনন্য ও রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করবে।’

সাম্প্রতিক বছরগুলোতে লাইভ স্পোর্টস ইভেন্টে ব্যাপক বিনিয়োগ বাড়িয়ে চলেছে এই বিশ্বখ্যাত ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ডব্লিউডব্লিউই ইভেন্ট, বক্সিং, এমএমএ, এনএফএল ও এমএলবির পর ফুটবল বিশ্বকাপের ম্যাচ অন্তর্ভুক্ত হওয়ায় ওটিটি ও স্পোর্টস ব্রডকাস্টিংয়ের জগতে নিজেদের অবস্থান আরও উঁচুতে নিয়ে গেল নেটফ্লিক্স।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন