এশিয়ান গেমসে প্রথমবারের মতো পদক বঞ্চিত বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। এর আগে এশিয়ান গেমসে তিনবার অংশগ্রহণ করে তিনবারই পদক পেয়েছে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা। ২০১০ সালে প্রথমবার জিতেছিল স্বর্ণপদকও। কিন্তু এবার ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে দল।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। সেমিফাইনালে হতশ্রী পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে পেরে ওঠেনি লিটনের দল। বাংলাদেশের শেষ আশা ছিল ব্রোঞ্জ পদক। সেখানেও ব্যর্থ। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ নুন্যতম লড়াইটাও করতে পারেনি। তাতে খালি হাতে ফেরা নিশ্চিত হয়েছে দলের।
ম্যাচ শেষে গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। হারের ব্যাখ্যায় লিটন বলেন, ‘হারের ব্যাখ্যা, আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা প্রথম ৮ ওভার খুব ভালো বোলিং করেছি। এরপর একজন ব্যাটসম্যান এসে এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছে। যেটা এই উইকেটে কঠিন। সেখানে বোলাররা কোনো ক্লু পায়নি কিভাবে কামব্যাক করবে। ক্রেডিট তাকে দিতেই হবে। আর ব্যাটিংয়ে আমরা কোনোভাবেই কাভারআপ করতে পারেনি। আপ টু মার্ক ছিলাম না।’
শ্রীলঙ্কার করা ১৬৫ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১০২ রান করতে পারে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই আউট। এর আগে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে মাত্র ১১১ রান জমা করে বাংলাদেশ। নিজেদের পারফরম্যান্স ভালো না হওয়ায় অনুতপ্ত লিটন বলেন, ‘খুবই খারাপ। এখানে এসেছি। টার্গেট ফুলআপ হয়নি। তারপরও আরেকটি সুযোগ এসেছে। সেটাও মিস করেছি। ভালো ক্রিকেট খেলতে না পারায় সুযোগ নষ্ট হয়েছে।’
দলনেতা হিসেবে লিটনও পারেননি কিছু করতে। ব্যাট হাতে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য ও পাকিস্তানের বিপক্ষে ২ রান করেন। ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব থেকে রিজাইন করবেন কিনা সেই প্রশ্নও করা হয়। উত্তরে লিটন বলেন, ‘আমার পারফরম্যান্স নট আপ টু মার্ক। আমি দুই ম্যাচেই ভালো করতে পারিনি। রিজাইন করতে চাই না। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের কিছু নেই।’
‘স্বাভাবিক বিষয়, দেশ থেকে এসেছি বড় লক্ষ্য নিয়ে এসেছি। যখন এটা দিতে পারব না, দল হিসেবে, অধিনায়ক হিসেবে সবারই খারাপ লাগবে এবং খারাপ লাগাই স্বাভাবিক। বাংলাদেশ দল অতীতে অনেক কিছু দিয়েছে। আমার মনে হয় ভবিষ্যতেও দেবে। আমরা ওইটার জন্য চেষ্টা করবো আবার।’ – যোগ করেন লিটন।
গণমাধ্যম থেকে লিটনের রিজাইন নিয়ে পরবর্তীতে আবারো প্রশ্ন করা হয়। এক পর্যায়ে লিটনও সেই সুরে সুর মিলিয়ে বলেন, ‘এশিয়ান গেমসের ক্রিকেট দল থেকে রিজাইন করলাম।’



