Logo
Logo
×

খেলা

মেসির বিদায়ের পর কে পাবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

মেসির বিদায়ের পর কে পাবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি?

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর তার স্মৃতিবিজড়িত আইকনিক ১০ নম্বর জার্সি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আগামী ৭ অক্টোবর বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ পর্যন্ত এই জার্সিটি অন্য কাউকে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তবে মেসি-পরবর্তী যুগে অন্য কোনো আলবিসেলেস্তে ফুটবলার ঐতিহ্যবাহী এই জার্সিটি গায়ে জড়াবেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে দলটি। বলিভিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, এই ম্যাচগুলো মূলত দলকে পরীক্ষা করার সুযোগ। তবে মেসি না থাকলেও আর্জেন্টিনার খেলার মূল দর্শন অর্থাৎ ‘বল পজিশন ধরে রাখা’ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। এর আগে এই দুই স্ট্রাইকারকে নিয়মিত একাদশে একসঙ্গে খেলানো থেকে বিরত ছিলেন তিনি। যদিও বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ নিশ্চিত করেননি স্কালোনি। তবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলা দলের অধিকাংশ ফুটবলারই এই ম্যাচে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে হেরেছিল।

এদিকে মেসির ১০ নম্বর জার্সি আপাতত ফাঁকা রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে স্কালোনি বলেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি অন্য কাউকে দেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি। পরে অবশ্য এই ঐতিহ্যবাহী জার্সি অন্য একজনকে পরতে হবে বলেও উল্লেখ করেন আর্জেন্টাইন কোচ। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময়ও ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে এই জার্সিতেই খেলেছেন তিনি।

মেসির বিদায়ঘণ্টার পাশাপাশি স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন। আগামী ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, সব পরিকল্পনা ঠিক থাকলে স্পেন, মরক্কো ও পর্তুগালে অনুষ্ঠিতব্য ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থেকে যেতে পারেন তিনি।

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা দলকে নিয়ে বেশ আশাবাদী এই মাস্টারমাইন্ড। স্কালোনির মতে, নতুন প্রতিভাদের আগমন এবং খেলোয়াড়দের জেতার ক্ষুধা প্রমাণ করে—মেসির বিদায়ের পরও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে দাপটের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করে যাবে আর্জেন্টিনা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন