Logo
Logo
×

খেলা

অবসরের চূড়ান্ত দিনক্ষণ জানালেন কোহলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

অবসরের চূড়ান্ত দিনক্ষণ জানালেন কোহলি

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের অভিষেক ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস দিয়ে যে গল্পের শুরু হয়েছিল, দীর্ঘ দেড় দশক পর তার সমাপ্তির বার্তা দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। 

ভারতের সংবাদমাধ্যম ‘জিওস্টার’-কে দেয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে দেশের হয়ে তার শেষ বিশ্বকাপ।

২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বর্তমানে শুধু ওয়ানডে ও আইপিএল খেলে যাচ্ছেন কোহলি। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফিটনেস ও মানসিক ধকলের কথা জানিয়ে তিনি বলেন, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ সেঞ্চুরি করা কোহলির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছিল। এরপর আরও তিনটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। ২০২৩ সালে সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রানও ছিল তার। বিশ্বকাপের এক আসরে সেটা ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। ক্যারিয়ারে এ চার বিশ্বকাপের মধ্যে প্রথম ও সর্বশেষ আসরটি ঘরের মাঠে খেলেন কোহলি। প্রথমবারে চ্যাম্পিয়ন হলেও সর্বশেষবার ফাইনালে হারেন।

৫০ ওভারের টুর্নামেন্টকে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে কোহলি বলেন, ‘এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’

এ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭টি ম্যাচ খেলে  ৫টি সেঞ্চুরি ১২টি ফিফটিতে ৫৯.৮৩ গড়ে ১,৭৯৫ রান সংগ্রাহক কোহলির সামনে এখন শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ রানের (২,২৭৮) রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে; যার থেকে তিনি আর মাত্র ৪৮৪ রান দূরে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তার কী লক্ষ্য? এমন প্রশ্নে কোহলির সোজাসাপ্টা উত্তর, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ভারত ইতিমধ্যে তাদের ওয়ানডে মনোযোগ বাড়িয়েছে। আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করছে রোহিত-কোহলিদের ভারত। এ বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২০২৭ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন