Logo
Logo
×

খেলা

ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম

ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

এশিয়ান গেমসের শুরুটা ধাক্কা দিয়ে হলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ হকি দল। দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে বড় ব্যবধানে হারের পর এবার জয়ের পথটা যেন নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার পর এবার ইন্দোনেশিয়াকেও হারিয়ে পুল ‘এ’-তে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল তারা। ম্যাচের ষষ্ঠ মিনিটে ফাতুর মোচামাদ গোল করে ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্দোনেশিয়া। পাঁচ মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল ইসলাম।

সমতায় ফেরার পরও বাংলাদেশের আক্রমণের ধার কমেনি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আমিরুল। ম্যাচের ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ।

এর ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান রাসেল মাহমুদ জিমি। দারুণ এক ফিল্ড গোল করে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত করে দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফলে পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে পুল ‘এ’-তে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। যদিও টুর্নামেন্টের শুরুটা ছিল হতাশার। দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে গ্রুপপর্ব পেরোনোর লড়াই এখনো শেষ হয়নি। বরং সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। আগামী ২৮ সেপ্টেম্বর পুল ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে গ্রুপপর্ব থেকে বাংলাদেশের পরের ধাপে যাওয়ার সমীকরণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন