Logo
Logo
×

খেলা

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণ কাভান সুলিভান। ছবি- সংগৃহীত

বয়স মাত্র ১৬। অথচ মাঠে তার পারফরম্যান্সে যেন তারুণ্যের চেয়েও বেশি পরিণত এক ফুটবলারকে দেখা যায়। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণ কাভান সুলিভান আবারও আলো ছড়ালেন মেজর লিগ সকারে (এমএলএস)। এক ম্যাচ বিরতির পর জোড়া গোল করে ফিলাডেলফিয়া ইউনিয়নের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই কিশোর।

সান দিয়েগোর বিপক্ষে শুরু থেকেই আক্রমণে ধার দেখিয়েছে ফিলাডেলফিয়া। গোলের উদ্দেশ্যে নেওয়া পাঁচটি শটের প্রতিটিই শেষ পর্যন্ত জালে জড়িয়েছে। অন্যদিকে স্বাগতিকদের পাঁচটি শটের একটিও গোল হতে দেননি ফিলাডেলফিয়ার জ্যামাইকান গোলরক্ষক আন্দ্রে ব্ল্যাক।

প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও ৪৫ মিনিটে কোনো দলই সফল হয়নি। ম্যাচের যোগ করা সময়ে অবশ্য আর ভুল করেননি সুলিভান। ইনডিয়ানা ভাসিলেভের কাছ থেকে বল পেয়ে দ্রুত আক্রমণে উঠে বক্সের মাঝামাঝি জায়গা থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন তিনি। বিরতির ঠিক আগে পাওয়া সেই গোলেই এগিয়ে যায় ফিলাডেলফিয়া।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে অতিথিরা। ৬২ মিনিটে আবারও গোলের দেখা পান সুলিভান। তার দ্বিতীয় গোলেই ব্যবধান দাঁড়ায় ২-০। চলতি এমএলএস আসরে এটি তার ষষ্ঠ গোল।

এর পাঁচ মিনিট পর ফিলাডেলফিয়ার হয়ে তৃতীয় গোল করেন দামিয়ানি। শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে সান দিয়েগো। ৮৭ মিনিটে মিডফিল্ডার আনবিল গোডির ভুল কাজে লাগিয়ে চতুর্থ গোল পায় ফিলাডেলফিয়া।

যোগ করা সময়ে মালিক জাকুভিচের গোল আসে পঞ্চমটি। তাতে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ফিলাডেলফিয়া ইউনিয়নের।

সুলিভানের জোড়া গোলের পাশাপাশি গোলপোস্টের নিচে আন্দ্রে ব্ল্যাকের দৃঢ়তা এই জয়ের অন্যতম বড় কারণ। টানা চার জয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে এমএলএসের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান শক্ত করেছে ফিলাডেলফিয়া। 

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর কাভান সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্র জাতীয় দলের আলোচনাও জোরালো হয়েছে। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে চার বছরের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। তরুণ ফুটবলারদের পরবর্তী ক্যাম্পে সুযোগ দেয়ার ইঙ্গিতও আগেই দিয়েছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন