ইউএস ওপেনে গাঁজার গন্ধে ম্যাচ থামালেন সাবালেঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
টেনিস কোর্টে ম্যাচ চলছে, এর মধ্যেই নাকে এল গাঁজার তীব্র গন্ধ। বিরক্ত হয়ে খেলা থামিয়ে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যারিনা সাবালেঙ্কা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘটেছে এমন অপ্রত্যাশিত ঘটনা।
কোর্টের আশপাশ থেকে আসা গন্ধ নিয়ে চেয়ার আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে অভিযোগ জানান সাবালেঙ্কা। তার বক্তব্য ছিল, কোথাও কেউ গাঁজা সেবন করছেন এবং গন্ধটি বেশ তীব্র।
ঘটনাটি অবশ্য ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। বিরতির পর স্বাভাবিক খেলায় ফিরে রাখিমোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডের পথে এগিয়ে যান সাবালেঙ্কা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। গাঁজা সেবন নিয়ে তার ব্যক্তিগত আপত্তি নের। তবে টেনিস কোর্টের কাছাকাছি এমন কিছু না করার অনুরোধ করেছেন সাবালেঙ্কা। তার মতে, গুরুত্বপূর্ণ ম্যাচে সর্বোচ্চ মনোযোগ ধরে রাখার সময় তীব্র গন্ধ বেশ বিরক্তিকর হয়ে উঠতে পারে।
ফ্লাশিং মিডোজে এমন অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও ইউএস ওপেনে অংশ নেয়া খেলোয়াড়দের কেউ কেউ গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ করেছেন। টেনিস কমপ্লেক্সের ভেতরে ধূমপান নিষিদ্ধ থাকলেও নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা বৈধ। ফলে কাছের ফ্লাশিং মিডোজ-করোনা পার্ক এলাকা থেকে বাতাসের সঙ্গে সেই গন্ধ স্টেডিয়াম পর্যন্ত পৌঁছে যাওয়ার ঘটনা ঘটে।
সাবালেঙ্কাও জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে আগেও এমন গন্ধ পেয়েছেন। তবে শুক্রবারের মতো তীব্র অভিজ্ঞতা তার আগে হয়নি। তার ধারণা, সেদিন বাতাসের গতি বেশি থাকায় পার্ক বা দর্শকদের দিক থেকে গন্ধটি স্টেডিয়ামের ভেতরে চলে আসতে পারে।
শেষ পর্যন্ত অবশ্য বিষয়টিকে খুব একটা গুরুতর করে দেখেননি সাবালেঙ্কা। বরং খানিকটা রসিকতার সুরেই তার অনুরোধ, যে যা করতে চান করুন, উপভোগ করুন, কিন্তু টেনিস কোর্টের একেবারে পাশে যেন এসব না করা হয়।



